Homeপশ্চিমবঙ্গকলকাতাগাড়ির কাগজে গরমিল হলেই ধরা পড়বে! মা উড়ালপুলে এবার ক্যামেরার ডিজিটাল নজরদারি

গাড়ির কাগজে গরমিল হলেই ধরা পড়বে! মা উড়ালপুলে এবার ক্যামেরার ডিজিটাল নজরদারি

কলকাতা: গাড়ি ছুটবে উড়ালপুল দিয়ে, আর সেই গাড়ির উপর থাকবে ক্যামেরার কড়া নজর। শুধু ট্রাফিক আইন ভাঙা কিংবা গাড়ির গতিবিধি নয়, এবার গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরেই যাচাই হবে জরুরি নথিপত্রের বৈধতা। কলকাতার মা উড়ালপুলে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে প্রযুক্তিনির্ভর এই নতুন নজরদারি ব্যবস্থা। সফল হলে শহরের আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও উড়ালপুলে ছড়িয়ে পড়তে পারে এই ব্যবস্থা।
কলকাতা পুলিশ এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)-এর যৌথ উদ্যোগে মা উড়ালপুলে বসানো হচ্ছে ANPR (Automatic Number Plate Recognition) ক্যামেরা। চলন্ত গাড়ির নম্বর প্লেট স্বয়ংক্রিয়ভাবে পড়ে তা সরকারি তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখবে এই প্রযুক্তি।
মূলত গাড়ির PUC (Pollution Under Control) সার্টিফিকেট এবং ফিটনেস সার্টিফিকেট বৈধ রয়েছে কি না, তা যাচাইয়ের দিকে নজর দেওয়া হবে। কোনও গাড়ির সংশ্লিষ্ট নথির মেয়াদ পেরিয়ে গেলে নম্বর প্লেটের তথ্যের ভিত্তিতে সেটি চিহ্নিত করার চেষ্টা করবে সিস্টেম।
শুধু শনাক্ত করেই থেমে থাকবে না ব্যবস্থা। নিয়মভঙ্গ ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ির মালিকের কাছে অনলাইনে ই-চালান পাঠানোর ব্যবস্থাও রাখা হচ্ছে। অর্থাৎ, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি এবার ক্যামেরা ও সরকারি তথ্যভান্ডারের সাহায্যে অনেকটাই স্বয়ংক্রিয়ভাবে নথির বৈধতা যাচাই করা সম্ভব হবে।
তবে এখনই গোটা কলকাতায় বসছে না এই নজরদারি। প্রথমে মা উড়ালপুলে পাইলট প্রকল্প হিসেবে এর কার্যকারিতা যাচাই করা হবে। ক্যামেরা কতটা নির্ভুলভাবে নম্বর শনাক্ত করতে পারছে, সেই তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে কত দ্রুত মিলছে এবং ই-চালান পাঠানোর প্রক্রিয়া কতটা কার্যকর—সবকিছুই পরীক্ষার আওতায় থাকবে। পাইলট প্রকল্পের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি মা উড়ালপুলে যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। উড়ালপুলের উপর কোনও গাড়ি আচমকা বিকল হয়ে পড়লে সেটিকে মূল লেন থেকে সরাতে সময় লাগে। আর তার জেরেই অনেক সময় সামান্য একটি গাড়ির সমস্যায় দীর্ঘক্ষণ থমকে যায় যান চলাচল।
এই সমস্যা মোকাবিলায় মা উড়ালপুলে কাট-আউটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে তিনটি কাট-আউট ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে ছয়টি। ফলে মাঝপথে কোনও গাড়ি অচল হয়ে পড়লে নির্দিষ্ট কাট-আউট ব্যবহার করে দ্রুত সেটিকে মূল লেন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে।
অর্থাৎ, একদিকে গাড়ির কাগজপত্রে নজরদারিতে প্রযুক্তির ব্যবহার, অন্যদিকে বিকল গাড়ির কারণে যানজট কমাতে পরিকাঠামোগত পরিবর্তন—দুই দিকেই নজর দিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। এখন দেখার, মা উড়ালপুলের পরীক্ষামূলক এই ডিজিটাল নজরদারি কতটা কার্যকর হয় এবং সফল হলে কলকাতার আর কোন কোন গুরুত্বপূর্ণ রাস্তায় পৌঁছয় ক্যামেরার এই ‘নজর’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments