একযুগ পর গেইলের সিংহাসনে ধাক্কা! টি-২০তে সর্বোচ্চ রানের নতুন নজির দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কির
টি-২০ ক্রিকেটে ব্যাটিং ঝড়ের নতুন ইতিহাস! এক যুগেরও বেশি সময় ধরে যে রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল, অবশেষে সেই নজির ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রেটোরিয়াস। ব্যাট হাতে এমন বিধ্বংসী তাণ্ডব চালালেন যে, গেইলের ১৭৫ রানের রেকর্ডও পিছনে পড়ে গেল!
১৩ বছর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। সেই ইনিংস দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির হয়ে ছিল। এবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে সেই দুর্গে হানা দিলেন মাত্র ২০ বছরের প্রেটোরিয়াস।
টাইটান্স বনাম নাইটস ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কার্যত একাই প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন প্রেটোরিয়াস। টাইটান্সের ২৬৭ রানের বিশাল স্কোরের মধ্যে তাঁর একার অবদান ১৮৮ রান!
আর সেই রান এসেছে মাত্র ৭৯ বলে। স্ট্রাইক রেট ২৩৭.৯৭—সংখ্যাগুলিই বলে দিচ্ছে, কী ভয়ংকর ব্যাটিং করেছেন এই তরুণ।
প্রেটোরিয়াসের ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৩টি ছক্কা। অর্থাৎ বাউন্ডারিতেই এসেছে তাঁর ১৩৮ রান। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি, এরপর আরও মাত্র ১৬ বলে সেঞ্চুরি! এখানেই থামেননি। মাত্র ৫৮ বলে ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে ব্যাট হাতে কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ।
শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন প্রেটোরিয়াস। তাঁর ব্যাটিং তাণ্ডবে শুধু টাইটান্সের স্কোরই আকাশছোঁয়া হয়নি, টি-২০ ক্রিকেটের রেকর্ড বইয়েও লেখা হয়ে গেল নতুন ইতিহাস।
ক্রিস গেইলের ১৭৫ রানের সেই ঐতিহাসিক ইনিংস এতদিন ছিল টি-২০ ক্রিকেটের ব্যাটিং বিস্ফোরণের অন্যতম প্রতীক। এক যুগ পর সেই রেকর্ড ভেঙে দিয়ে প্রেটোরিয়াস যেন ঘোষণা করে দিলেন—টি-২০ ক্রিকেটে নতুন প্রজন্মের ঝড় শুরু হয়ে গিয়েছে!




